
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধ
গাজীপুরের কালিয়াকৈর বাস-টার্মিনাল এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক কে না বলুন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক কমিটির আয়োজনে কালিয়াকৈর বাস-টার্মিনাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ.এইচ.এম. ফখরুল হোসাইন এবং কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম।
এর আগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি কালিয়াকৈর বাস-টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া সড়ক ঘুরে পুনরায় বাস-টার্মিনালে এসে শেষ হয়। এছাড়াও বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা মাদককে সমাজের অন্যতম প্রধান অভিশাপ উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন।