
নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর ও এর আশেপাশের এলাকায় ত্রাস সৃষ্টিকারী, দস্যুতা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৮টি মামলার পলাতক শীর্ষ আসামি আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’-কে (বয়স ২৭ বছর) গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের একটি জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গত ২৭ জুলাই রাতে জামালপুর সদর এলাকা থেকে মূল হোতা পিচ্চি আকাশকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী কালিয়াকৈরের একটি জঙ্গল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পিচ্চি আকাশ ও তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসত। তাদের ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।