
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হীরকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।
পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন এবং ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।