
নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের এলোমেলো পার্কিংয়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছালেও দায়িত্ব পালন না করে পুলিশ বক্সে দীর্ঘ সময় বসে থাকার অভিযোগ উঠেছে। একই সঙ্গে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের মধ্যকার পারস্পরিক দায়িত্ব এড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চন্দ্রাতি মোড়ের মূল সড়কের ওপর সিএনজি ও ইজিবাইকগুলো নিয়ম না মেনে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। এতে প্রধান সড়ক পুরোপুরি ব্লক হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ না নিয়ে মোবাইল টিমে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এসআই রফিককে পুলিশ বক্সের ভেতর প্রায় আড়াই ঘণ্টা বসে সময় কাটাতে দেখা যায়।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা এগিয়ে গিয়ে যানজট নিরসনের অনুরোধ জানালে এসআই রফিক দায়িত্ব এড়িয়ে দাবি করেন, এটি জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের দেখার বিষয়। দীর্ঘ সময় বক্সে বসে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে চড়াও হন এবং রেগে বলেন, “আমি কি একটু রেস্ট নিতে এখানে এসে বসতেও পারব না?”

পরবর্তীতে যানজটের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমি মোবাইল টিমের সাথে কথা বলতেছি”—এ কথা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এরপর জেলা ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানোর পরামর্শ দেন। অন্যদিকে জেলা পুলিশের কর্মকর্তা রাকিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, “আমরা তো ওই হাইওয়ে বক্সের নাগালে থাকি না, আমরা থাকি ফায়ার সার্ভিসের এদিকে। স্থানটি হাইওয়ে রাস্তার অংশ, তাই এটি হাইওয়ে পুলিশই দেখবে।”
হাইওয়ে পুলিশ দায় চাপায় জেলা ও ট্রাফিক পুলিশের ওপর, আর জেলা ও ট্রাফিক পুলিশ দায় ঠেলে দেয় হাইওয়ে পুলিশের দিকে। দায়িত্বশীলদের এমন ঠেলাঠেলি ও চড়াই-উতরাইয়ের মাঝে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের এমন উদাসীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।