
গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬:
গাজীপুর জেলার কোনাবাড়ীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) ২৫ জন কেয়ারগিভারকে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ বিষয়ে ভুক্তভোগী শনাক্তকরণ, সহায়তা প্রদান ও মানসিক ট্রমা কাটিয়ে সেবা নিশ্চিত করতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে।
‘ভুক্তভোগী সহায়তা সেবা ও ব্যবস্থাপনা’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের সাথে আইজেএম বাংলাদেশের স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বের অধীনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান অধিশাখা) মোহাঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন। এছাড়া অনুষ্ঠানে কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের ইন-চার্জ মোসাম্মৎ তাসনিম ফেরদৌসী, সাংবাদিকবৃন্দ ও আইজেএম বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ কামরুজ্জামান বলেন, “কেয়ারগিভারদের ভুক্তভোগী শিশুদের কথা শুনতে ও বুঝতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই কেবল একজন ভুক্তভোগী শিশুকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারে। আইজেএম বাংলাদেশ আয়োজিত এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিটি শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”
আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, “ভুক্তভোগী শিশুর সুরক্ষায় পুলিশ, আইনজীবী, বিচারক, সমাজ ও কেয়ারগিভারসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবাদানকারীরা যেন শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে ভুক্তভোগীদের সঠিকভাবে শনাক্ত করে সেবা দিতে পারেন—সে উদ্দেশ্যেই এই আয়োজন। কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের ভালো আচরণ শিশুদের ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, “শিশুর সুরক্ষা ও সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আইজেএম বাংলাদেশকে এই প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ভুক্তভোগী সেবার মূলনীতি, সহায়তা কৌশল, ট্রমা ও এর প্রভাব, ভুক্তভোগীদের আচরণ ও মানসিক আঘাত বোঝার উপায়, সাক্ষাৎকার গ্রহণের কৌশল ও ফলোআপ সেশনের প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়। প্রশিক্ষণে কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের সোশ্যাল কেস ওয়ারকার, কাউন্সেলর, শিক্ষক, ট্রেড ইন্সট্রাক্টর, চাইল্ড প্রোটেকশন কর্মী, প্রবেশন অফিসার, নার্সসহ বিভিন্ন পদের ২৫ জন প্রতিনিধি অংশ নেন।
উল্লেখ্য, আইজেএম বাংলাদেশ বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী করা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে কাজ করে আসছে। ২০৩০ সালের মধ্যে দেশে বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে এনে ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক এই সংস্থাটি।