
নরসিংদী প্রতিনিধি:
দীর্ঘ প্রায় দুই মাস পর নরসিংদী জেলার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাহত হওয়া কারখানাগুলোতে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিল্পমালিক, কর্মকর্তা ও শ্রমিকরা।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছিল। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ (প্রেসার) কম থাকায় বহু কারখানায় উৎপাদন অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হন মালিকরা। কোনো কোনো কারখানায় উৎপাদন নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ রাখতে হচ্ছিল। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ ও সরবরাহ আগের তুলনায় বাড়তে শুরু করেছে। কারখানা সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক কারখানায় এখন তুলনামূলক ভালো গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে। এতে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে এবং কারখানাগুলো পুনরায় পূর্ণ সক্ষমতায় চালু করার সুযোগ তৈরি হয়েছে।
এক শিল্পমালিক জানান, “প্রায় দুই মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় আমরা চরম ভোগান্তিতে ছিলাম। কারখানা সচল রাখতেই হিমশিম খেতে হচ্ছিল। এখন গ্যাসের চাপ কিছুটা বাড়ায় বড় ধরণের স্বস্তি ফিরে এসেছে।”
একই আশা প্রকাশ করেছেন কারখানা শ্রমিকরাও। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়ার পাশাপাশি কাজের পরিবেশ ও কর্মঘণ্টা স্বাভাবিক থাকবে বলে মনে করছেন তারা।
তবে সাময়িক উন্নতিতেই সন্তুষ্ট না থেকে দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিল্পমালিকরা। তাদের মতে, নিয়মিত পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে দীর্ঘমেয়াদী শিল্প উৎপাদন ও নতুন বিনিয়োগে অনিশ্চয়তা থেকে যাবে।
গ্যাস সরবরাহের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে জেলার শিল্প খাত ঘুরে দাঁড়ানোর পাশাপাশি সার্বিক ব্যবসা-বাণিজ্যে ভালো প্রভাব ফেলবে বলে আশা করছেন নরসিংদীর শিল্প সংশ্লিষ্টরা।