
বিশেষ প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী জসিম দেওয়ানের সৌজন্যে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দুস্থ ও সাধারণ মানুষের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন।
সমাবেশে মেয়র প্রার্থী জসিম দেওয়ান বলেন, “উৎসব কোনো একক সম্প্রদায়ের নয়, উৎসব সবার। কালিয়াকৈর পৌরসভার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দ যেন প্রতিটি পরিবারে পৌঁছে যায়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোনো ধর্মীয় উৎসবে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে কালিয়াকৈর এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত হয়ে নতুন বস্ত্র গ্রহণ করেন। বস্ত্র বিতরণ শেষে দেশ, জাতি ও সকল সম্প্রদায়ের সুখ-সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। কর্মসূচিতে এলাকার সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।