
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নতুন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে দীর্ঘ এক যুগ পর ফিরছে পোশাক খাতের সবচাইতে বড় মেগা আয়োজন ‘বাটেক্সপো ২০২৬’ (BATEXPO 2026)। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিজিএমইএ-র এই আয়োজনের মূল সুর নির্ধারণ করা হয়েছে—“ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব, ভবিষ্যতের উদ্ভাবন” (A Legacy of Excellence. A Future of Innovation)।
এবারের বাটেক্সপো শুধু একটি সাধারণ প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের বদলে যাওয়া শিল্প সক্ষমতা, বৈশ্বিক ক্রেতাদের আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্বমঞ্চে উপস্থাপনের একটি শক্তিশালী জাতীয় ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম।
আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে এই প্রদর্শনীকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বায়ার (ক্রেতা), খুচরা বিক্রেতা, সোর্সিং লিডার এবং ফ্যাশন খাতের নীতি-নির্ধারকেরা এতে অংশ নিচ্ছেন। বিশ্বখ্যাত সোর্সিং ও সাপ্লাই-চেইন প্ল্যাটফর্ম ‘পিডিএস লিমিটেড’-এর প্রত্যক্ষ সম্পৃক্ততার পাশাপাশি প্রাইমার্ক, পেপকো, এমঅ্যান্ডএস, ওয়ালমার্ট গ্লোবাল সোর্সিং, কেমার্ট, কটন অন ও এলসি ওয়াইকিকির মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা ঢাকায় এসে উপস্থিত হবেন। যা সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থার এক ইতিবাচক বার্তা দিচ্ছে।
শিল্প বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বায়িং সংস্থাগুলোর এই আস্থা কেবল বাংলাদেশের অতীত উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করে গড়ে ওঠেনি; বরং গত এক দশকে এ খাতে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে তা থেকে এসেছে। কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, সামাজিক কমপ্লায়েন্স, পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন (গ্রিন ম্যানুফ্যাকচারিং), প্রযুক্তির ব্যবহার, অটোমেশন এবং উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে অন্যতম শীর্ষস্থানীয়।
বিজিএমইএ সূত্রে জানানো হয়, তৈরি পোশাক খাত কেবল দেশের প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস নয়, এটি বৈশ্বিক অঙ্গনে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রধান ডিজিটাল ও বাণিজ্যিক দূত। কারখানার বাইরেও সুতা, কাপড়, এক্সেসরিজ, ডাইং, ওয়াশিং, লজিস্টিকস, ব্যাংকিং ও পরিবহনসহ এক বিশাল শিল্প-ইকোসিস্টেম গড়ে উঠেছে এই খাতকে কেন্দ্র করে। বিশেষ করে কোটি নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতায় এই শিল্পের ভূমিকা অপরিসীম।
‘বাটেক্সপো ২০২৬’ প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড, প্রস্তুতকারক, নীতি-নির্ধারক, বিনিয়োগকারী ও প্রযুক্তি প্রদানকারীরা একত্রিত হবেন। এর মাধ্যমে নতুন ব্যবসার পথ সুগম হওয়া ছাড়াও দীর্ঘমেয়াদি সোর্সিং অংশীদারিত্ব তৈরি হবে।
বিজিএমইএ-র মহাসচিব মেজর জেনারেল ড. মোঃ সাইফুল ইসলাম (অবঃ) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাটেক্সপো ২০২৬-এর মূল বার্তা অত্যন্ত পরিষ্কার—বাংলাদেশ কেবল আজকের সাধারণ অর্ডারের জন্য প্রস্তুত নয়, বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ চাহিদার রূপকল্প বাস্তবায়নেও সম্পূর্ণ প্রস্তুত।”