
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের তহবিল এবং প্রকল্পের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিএমইএ। আজ (০৭ অক্টোবর ২০২৬) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই দাবি জানানো হয়।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মারা কে. ওয়ারউইকের নেতৃত্বে প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে এ বৈঠক করেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, ইউরোপীয় ব্র্যান্ডসহ আন্তর্জাতিক ক্রেতারা এখন পানির সাশ্রয়ী ব্যবহার ও পরিশোধনের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে। ফলে বিশ্ববাজারে টিকে থাকতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
আলোচনায় জানানো হয়, ‘ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ (D-Water)-এর অধীনে বিশ্বব্যাংকের ৫ মিলিয়ন ডলারের ভিজিএফ (VGF) পাইলট প্রকল্পে মাত্র ৮টি কারখানা কাজ করার সুযোগ পাচ্ছে। শিল্প মালিকদের ব্যাপক আগ্রহের তুলনায় এই অর্থায়ন ও কারখানার সংখ্যা অত্যন্ত অপ্রতুল।
উচ্চ প্রযুক্তি ব্যয় ও বিশ্বমন্দার কথা তুলে ধরে বিজিএমইএ নেতারা বিশ্বব্যাংককে অনুদান অথবা শূন্য সুদে দীর্ঘমেয়াদি সহজ ঋণের ব্যবস্থা করার অনুরোধ জানান। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য ক্লাস্টারভিত্তিক বর্জ্য শোধনাগার এবং পরিবেশ নীতির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন না এনে পূর্বাভাসযোগ্য নিয়ম চালু রাখার প্রস্তাব দেন।
বিশ্বব্যাংক প্রতিনিধিদল বিজিএমইএ’র প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করে এবং পোশাক খাতের সবুজ রূপান্তরে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়। বৈঠকে বিজিএমইএ পরিচালক ড. মোঃ হাসিব উদ্দিনসহ বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।