
আইন শৃঙ্খলা বাহিনীর
কড়া নিরাপত্তায় রাজশাহী জেলাজুড়ে প্রতিমা বিসর্জন
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী জেলা শহরসহ উপজেলাগুলোতে বিজয়া দশমীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আজ। অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জন দিয়েছেন তারা ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই রাজশাহীর পদ্মা নদী, বাগমারার বারোনই নদীসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
তবে রাজশাহী শহর ঘেঁসা পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন চলবে গভীর রাত পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীরা মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রা নিয়ে পদ্মার তীরে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আছেন ও বিসর্জন দেন। এতে ঢাক ঢোলের বাজনা ও যুবকদের নাচে নাচে মাতিয়ে রাখেন পদ্মার তীর।
হিন্দু ধর্ম মতে-আজ দশভুজা দেবী দুর্গা এই মর্ত্যলোক ছেড়ে স্বর্গ শিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার।
দুপুরে রাজশাহীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে মণ্ডপ থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতিমা। নৌকায় তুলে প্রতিমা ঘুরিয়ে দেয়া হয় বিসর্জন।
রাজশাহী মহানগরীর পদ্মা নদীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এছাড়াও জেলার বাগমারা, তাহেরপুরসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর সর্তকায় ছিলো।
তবে বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, শোভাযাত্রা ও গান বাজানোতে বিধি-নিষেধ রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী মহানগরীর প্রতিটি ঘাটেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে একাধিক সিসি ক্যামেরা। নদীতে গোয়েন্দা ও নৌ পুলিশের বিশেষ বহরসহ রয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরএমপি সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
০১৭১৮৪২১৩১৭