
সাইদুর রহমান (রুবেল মোল্লা), ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ছাড়া বাসের ভেতরে থাকা আরও অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।