
মোঃ মিঠুন
ঝালকাঠি প্রতিনিধি।
টানা তিন থেকে চার দিনের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠি পৌর শহরের জনজীবন। গত দুই দিনের তুলনায় বৃষ্টির তীব্রতা বাড়ায় শহরের অধিকাংশ নিচু এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবীরা। শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে থাকায় রিকশা ও ভ্যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এদিকে টানা বৃষ্টির কারণে শহরের কাঁচাবাজার, ফুটপাত ও ক্ষুদ্র দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। এতে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা এবং দিনমজুর ও রিকশাচালকদের দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
মোঃ মিঠুন
ঝালকাঠি প্রতিনিধি।
০১৩৫২৭৫২৮৮৯