
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আজ। রাজশাহী বিভাগীয় শহরসহ জেলার উপজেলাগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি অবরোধের। তবে রাজশাহী জেলার তানোরে রাস্তায় খড় জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অবরোধে রাজশাহী জেলার সকল রোডে লোকাল বাস, সিএনজি,অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে রাজশাহী-তানোর সড়কে খড় জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেছে উপজেলা বিএনপি। আজ (১ নভেম্বর ) বুধবার সকাল ৭টার দিকে তানোর উপজেলা চান্দুরিয়া চৌকিরহাট এলাকায় এই রাস্তায় খড় জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক ইকরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী শাহ, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিউতুল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি