
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়াতে রোববার দিবাগত রাতে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক বা হেলপারের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসের আগুন নিয়ন্ত্রণ করার আগেই বাসটির বেশিভাগ পুড়ে গেছে।
রোববার দিবাগত রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় বাসে পেট্রোল বোমা হামলার এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ওই বাসে চালক ও হেলপার ছাড়া কোন যাত্রী ছিলেন না বলে জানা গেছে। এটি নাটোরের একটি কোম্পানির বাস ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রোল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।
এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও হেলপার । আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পুলিশও ঘটনাস্থলে যায়।
ওসি জানান, এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুরে একটি চলন্ত বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরে এসে এ ঘটনা ঘটায়। পেট্রল বোমার আগুনে এই বাসটিও পুড়ে গেছে।