
মোঃ জামশেদ মিয়া স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জয়লাভ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন আখাউড়া ও কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রাবেয়া আক্তার এবং মো: শাহরিয়ার মুক্তার। ঘোষিত ফলে তিনি জয়লাভ করেন। এর ফলে সংসদ নির্বাচনে টানা তিন বার জয় পেলেন আনিসুল হক।
নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬শ ৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনপিপি’র শাহীন খান আম প্রতীকে ৬ হাজার ৫৮৬ ভোট ও ছৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে ৪ হাজার ৫৭৪ ভোট পেয়েছেন।
বরেণ্য আইনজীবী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম অ্যাডভোকেট সিরাজুল হকের ছেলে আনিসুল হক ২০১৪ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০১৮ সালে বিপুল ভোটে দ্বিতীয়বার একই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে ছিলেন। তিনি টানা দুই বারই আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।
কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, ‘আমরা আমাদের অভিভাবক আইনমন্ত্রী আনিসুল হককে হ্যাটট্রিক জয় উপহার দিয়ে প্রমাণ করেছি আমরা কসবা-আখাউড়ার মানুষ উনাকে কতটা ভালোবাসি।’
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনটি কসবা ও আখাউড়া দুইটি উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৫৯০ জন। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার। স্বাধীনতার পর এ পর্যন্ত এই আসনে ছয় বার আওয়ামী লীগ, চার বার বিএনপি এবং দুই বার জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।
মোঃ জামশেদ মিয়া
স্টাফ রিপোর্টার: