
বরুন সিংহ
হেড অফ ক্রাইম
জাতীয় দৈনিক ডাকবেলাঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গজারিয়া ইউনিয়নের ‘বাইংকা গ্রামে’ অর্থের বিনিময়ে জোরপূর্বক জমি দখলের পায়তারা-উচ্ছেদসহ জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে- সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ আলম মিয়া এসব অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইংকা গ্রামের সাজেদুল ইসলামের চাচাতো ভাই হামিদুর রহমান ও লিয়াকত ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিল। এরই সূত্র ধরে সাজেদুল ইসলামের তফসিল বর্ণিত ৮০ শতাংশ জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করেন তারই চাচাতো ভাই হামিদুর ও লিয়াকত। অর্থ-বিনিময়ের মাধ্যমে জোরপূর্বক উল্লেখিত জমি দখল করে দেওয়ার নেতৃত্ব দেন সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আলম মিয়া।
বিভিন্ন সময় ইউপি সদস্য গুন্ডা বাহিনী নিয়ে সাজেদুলের বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসতেন । এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছে একাধিক বার এই ইউপি সদস্য আলম মিয়া।
তার হুমকি-ধামকিতে ভীত-সন্ত্রস্ত সাজেদুল ইসলাম সম্প্রতি ফুলছড়ি থানায় ইউপি সদস্য আলম মিয়া, হামিদুর রহমান, লিয়াকত ও লাল মিয়াসহ ৪ জনের নামে অভিযোগ দায়ের করেন। সাজেদুলের অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে তার পরিবারকে দেখে নিবে বলে আবারও হুমকি দেয়।
ভুক্তভোগী সাজেদুল ইসলাম জানিয়েছেন , আলম মেম্বার আমাদের গোস্টী বা বংশের কেউই নয়।
সে আমাদের চাচাতো ভাইদের নিকট থেকে মোটা অংকের টাকা খেয়ে- আমাদের তফসিল বর্ণিত জমির কাগজ থাকা সত্বেও লোকজন ও গুন্ডাবাহিনী নিয়ে আমার পরিবারের সদস্যদেরকে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তা-ঘাটে পরিবারের কাউকে একা পেলে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ।
এ ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ।
এসব বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ আলম মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি, এসব কিছু অস্বীকার করে বলেন- আমার ঐখানে কোন জমি নেই, আমি কেন অন্যের জমি দখল করিয়ে দিতে যাবো। আমাকে মিথ্যা ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আর্মি বলেন, আলম মেম্বার সম্পর্কে এ রকম অভিযোগের কথা আমরা শুনতে পেরেছি, তবে তাকে আমরা সর্তকও করে দিয়েছি, এর পরেও যদি ঐ জমি নিয়ে কোনভাবেই বলপ্রয়োগ করে থাকেন তাহলে আইনগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজ উদ্দিন বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগও পেয়েছি, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।