
নিজস্ব প্রতিবেদক
অর্থনৈতিক অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগের গতি বাড়াতে এবং বিনিয়োগকারীদের বিদ্যমান অবকাঠামোগত ও নীতিগত সমস্যা নিরসনে আজ (সোমবার) উত্তরার বিজিএমইএ ভবনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারী সমিতি (বেজিয়া)-র মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিজিএমইএ-র মহাসচিব মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম (অবঃ)-এর পক্ষ থেকে যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সভায় বেজিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জনাব এম এ জব্বার। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বেজিয়া-র সহ-সভাপতি জনাব মোঃ হালিমুজ্জামান, পরিচালক জনাব দেলোয়ার এইচ টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অপরূপ চৌধুরী এবং সদস্য জনাব মোঃ মুস্তাফিজুর রহমান। বিজিএমইএ-র পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান। আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএ-র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান।
সভায় সরকারের স্বল্পমেয়াদি অগ্রাধিকারের অংশ হিসেবে প্রথম ধাপে পুরোপুরি কার্যকর করার জন্য ৫টি সরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুকূলে বরাদ্দকৃত প্লটগুলোর বর্তমান অগ্রগতি এবং বিনিয়োগকারীদের বিভিন্ন নীতিনির্ধারণী প্রতিবন্ধকতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বেজিয়া চেয়ারম্যান জনাব এম এ জব্বার জানান, বহু উদ্যোক্তা প্লটের জন্য বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করলেও অবকাঠামো ও ইউটিলিটি (গ্যাস, বিদ্যুৎ ও পানি) সুবিধার ধীরগতির কারণে আস্থাহীনতায় ভুগছেন। ফলে উল্লেখিত ৫টি অঞ্চলে ৩৯,০০০ একর জমির ওপর মাত্র ২৭টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। মোট বরাদ্দকৃত জমির মাত্র ৩৭ শতাংশ বর্তমানে পরিচালনায় আছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও শিল্প-পানির সংকট কাটিয়ে উঠতে এবং কারখানা পূর্ণাঙ্গভাবে সচল হওয়ার আগে অতিরিক্ত সেবা মাশুল (সার্ভিস চার্জ) আরোপের বিরুদ্ধে যৌথ সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উভয় সংগঠন কয়েকটি মূল নীতিগত ইস্যুতে সরকারের উচ্চপর্যায়ে যৌথভাবে দাবি তুলে ধরার ব্যাপারে একমত পোষণ করে।
সভায় জোর দাবি জানানো হয়, প্রতিশ্রুত নিরবচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবহৃত ইউটিলিটি বিলের ওপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আরোপিত সেবা মাশুল সম্পূর্ণ মওকুফ করতে হবে। অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানের সাথে সমতা রক্ষার্থে অঞ্চলভুক্ত একক বিনিয়োগকারীদের জন্য খাতভিত্তিক সমপরিমাণ নগদ প্রণোদনার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এছাড়া মূল ইজারা গ্রহীতা (মাস্টার লিজ হোল্ডার) এবং পরবর্তীতে উপ-ইজারা (সাব-লিজ) গ্রহীতা উভয় স্তরে ১৫ শতাংশ হারে মূল্যসংযোজন কর (সংযোজিত কর/ভ্যাট) পরিশোধের বাধ্যবাধকতা অর্থাৎ দ্বৈত করারোপ দূর করে ইজারা মাশুলের ওপর মূল্যসংযোজন কর সম্পূর্ণ মওকুফ করার দাবি জানানো হয়। দেশীয় বন্ড-লাইসেন্সধারী রপ্তানিকারকদের কাছে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও বাড়তি সময় অপচয় রোধে ‘রপ্তানি অনুমতি’ (ইএক্সপি) ও ‘রপ্তানি অনুমোদন’ (ইপি) ব্যতিরেকে প্রচ্ছন্ন রপ্তানি কার্যক্রম পরিচালনার অনুমতির বিষয়টির ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
এছাড়া সভায় ৯৯ বছরের ইজারা নামজারি (লিজ মিউটেশন) ব্যাংকযোগ্য করা ও ‘একক সেবাকেন্দ্র’ (ওয়ান-স্টপ সার্ভিস) কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনায় বেজিয়া চেয়ারম্যান জনাব এম এ জব্বার বিশেষভাবে উল্লেখ করেন যে, চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিজিএমইএ-র ৪১টি একক বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। ফলে পোশাক খাতের জাতীয় ও নীতিগত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিজিএমইএ ও বেজিয়া-র একসাথে কাজ করার সুযোগ ও যৌক্তিকতা রয়েছে।
এই প্রেক্ষিত বিবেচনায় রেখে, অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন নিশ্চিত করা ও উভয় সংগঠনের পারস্পরিক সমন্বয়কে আরও সুসংহত করার লক্ষ্যে বেজিয়া চেয়ারম্যান জনাব এম এ জব্বার বেজিয়া-র পরিচালনা পর্ষদে বিজিএমইএ-র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আন্তরিক আহ্বান জানান। বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে এতে সম্মতি প্রকাশ করেন এবং দ্রুততার সাথে বিজিএমইএ-র পক্ষ থেকে যোগ্য প্রতিনিধি মনোনীত করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকের সমাপনীতে দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, বিজিএমইএ ও বেজিয়া-র এই সুদূরপ্রসারী যৌথ নীতিগত সমন্বয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) অবকাঠামোগত চ্যালেঞ্জ ও নীতিগত জটিলতা নিরসনে দ্রুত ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।