
মোঃ শরিফুল ইসলাম, জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে একই গ্রামের এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপুর গ্রামের বাসিন্দা মোঃ রনু মিয়া (৬০) বিকেলে প্রতিপক্ষ জীবন মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একা পেয়ে জীবন মিয়া (৩৮) রনু মিয়ার ওপর হামলা চালায়। এসময় জীবন মিয়া ও তার সহযোগীরা রনু মিয়ার শরীরে রামদা ও ছুরি দিয়ে আঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রনু মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
আখাউড়া থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।