
মোঃ শহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার: সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমানে বনগাঁও ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মারাত্মক অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দাপট দেখিয়ে মাত্র ২৪,৫০০ টাকা মূল বেতনের এই সরকারি কর্মচারী বিপুল পরিমাণ জমি, বহুতল ভবন ও বাণিজ্যিক মার্কেটের মালিক বনে গেছেন।
সিন্ডিকেট ও অর্থ আত্মসাৎ: ধামসোনা ইউনিয়নে কর্মরত থাকাকালে তিনি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্সে অতিরিক্ত ফি আদায় করতেন। এমনকি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তেঁতুলঝোড়া পরিষদে থাকাকালেও তিনি অনিয়ম করেছিলেন। দুর্নীতি ঢাকতে তিনি একটি ‘পালিত’ ভূঁইফোড় সাংবাদিক চক্র ব্যবহার করতেন।
অবৈধ সম্পদ ও তদন্তের দাবি: বর্তমানে আশুলিয়ার কাঠগড়া বাংলালিংক সড়ক এলাকায় তাঁর বহুতল ভবন ও বাণিজ্যিক মার্কেটসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন মৌজায় নামে-বেনামে অগণিত জমি রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন এড়িয়ে যান। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ভুক্তভোগীরা অবিলম্বে দুদক ও স্থানীয় সরকার বিভাগের যৌথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।