
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া এলাকায় গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়লো চোর চক্রের ৩ সদস্য। আজ বাগচালা ও তালচালা গ্রামে পৃথক দুটি অভিযানে তাদের আটক করে স্থানীয় জনতা ও পুলিশ।
জানা গেছে, ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোর চক্র পিকআপ গাড়ি নিয়ে এলাকায় তৎপর ছিল। বাগচালা বাজার স্কুল মাঠের সাথে একটি প্রজেক্ট থেকে গরু চুরির সময় ২ জনকে আটক করে জনতা। একই সময় তালচালা বটতলা এলাকা থেকে আরও ১ জনকে ধরে ফেলা হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে হেফাজতে নেয়। আটকৃতদের জিজ্ঞাসাবাদে এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম প্রকাশ করেছে, যারা তাদের সহযোগিতা করেছে বলে দাবি করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সহযোগী চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হলে গরু চুরির মতো ঘটনা বন্ধ হবে।
বর্তমানে আটক ৩ জন পুলিশ হেফাজতে রয়েছে। বাকি ৩ জন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।