
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি ওষুধের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার ওষুধ চুরি ও গোপনে বিক্রির অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহিন আলম।
লিখিত অভিযোগে বলা হয়, কালিয়াকৈর কলেজ রোডে অবস্থিত শাহিন আলমের মালিকানাধীন ‘লিমন ফার্মেসি’ নামের দোকানে অভিযুক্ত মো. সোহেল মাহমুদ প্রায় দুই বছর ধরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। দোকানের ওষুধ ক্রয়-বিক্রয়ের মূল দায়িত্বও ছিল তাঁর ওপর।
দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করেও প্রত্যাশিত লাভ না পাওয়া এবং হিসাবে গরমিল দেখা দেওয়ায় মালিক শাহিন আলমের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে গত ১০ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন তিনি। ফুটেজে দেখা যায়, অভিযুক্ত সোহেল মাহমুদ বিভিন্ন সময়ে দোকান থেকে ওষুধ সরিয়ে বাইরে বিক্রি করছেন। সার্বিক হিসাব পর্যালোচনা করে দোকানে প্রায় ২০ লাখ টাকার ওষুধের ঘাটতি পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, গত ১৬ আগস্ট সকালে অভিযুক্ত দোকানে এলে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ওষুধ এবং নগদ ৯ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাটি কালিয়াকৈর বাজার ওষুধ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তাঁরা সালিশি বৈঠকের আয়োজন করেন।
শাহিন আলমের দাবি, সালিশি বৈঠকে উপস্থিত সবার সামনে অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে ওষুধ চুরির কথা স্বীকার করেন। পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসা করা হলেও অভিযুক্ত কর্মচারী উল্টো মালিকের বিরুদ্ধে থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ী শাহিন আলম জানান, অভিযুক্ত সোহেল মাহমুদ ও তাঁর সহযোগীরা মিলে গত দুই বছর ধরে ধাপে ধাপে এসব ওষুধ চুরি করে টাকা আত্মসাৎ করেছেন। তিনি চুরিকৃত ওষুধের সমপরিমাণ অর্থ উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে লিখিত অভিযোগে উত্থাপিত এসব বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের পরই মূল সত্যতা নিশ্চিত হওয়া যাবে।