
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মদপান নিয়ে দ্বন্দ্বে মারামারি। এ ঘটনার পর ডাকাত বলে রশি দিয়ে বেঁধে চারজনকে গণপিটুনি পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্ৰেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।গ্ৰেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে মিজানুর, টাঙ্গাইলের বাসাইল উপজেলার ডাবনাজুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে তুষার, সিরাজগঞ্জের সদর উপজেলার চরমাশা পাড়া এলাকার মানিক শেখের ছেলে তরিকুল ইসলাম, টাঙ্গাইলের সদর উপজেলার ছিটকিবাড়ি এলাকার মোতাহার হোসেনের ছেলে হৃদয় মিয়া। এদের সকলের বয়স ১৯ থেকে ২১ বছর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে । ওইদিন বুধবার বিকেলে মিজানুর, তুষার, তরিকুল ও হৃদয়সহ কয়েকজন মিলে কালিয়াকৈর উপজেলার ডুলিগড়া এলাকায় যান। ওই এলাকায় গিয়ে তারা মদপান করে। সেখান থেকে ফেরার পথে তারা সন্ধ্যায় পাইকপাড়া-বংকুরী সড়কের পাইকপাড়া এলাকায় ব্রীজের পাশে দাঁড়ায়। এসময় মদপান নিয়ে দ্বন্দ্বে ওই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় ওই যুবকরা কৌশলে ডাকাত ডাকাত বলে ডাকচিৎকার করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ডাকাত সন্দেহে মিজানুর, তুষার, তরিকুল, হৃদয়কে আটক করে এবং রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এরপর পুলিশ ওই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের গ্ৰেপ্তার দেখিয়ে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।কালিয়াকৈর থানার ওসি অপারেশন জোবায়ের আহমেদ জানান, ওরা আসলে ডাকাত নয়। কিন্তু ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তবে বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।##১১-০৭-২০২৪