
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চার ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন ওই দুটি মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার সকালে মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্ৰা টেক্সটাইল লিমিটেড নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মুল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। কিন্তু কর্তৃপক্ষ কোন সারা শব্দ না পেয়ে উত্তেজিত হয়ে উঠে শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। উত্তরবঙ্গের প্রবেশ দ্বার চন্দ্রা শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে শ্রমিকরা সরে গেলে প্রায় চার ঘণ্টা পর ওই দুটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্ৰা টেক্সটাইল নামে দুটি পোশাক কারখানার শ্বরমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।