
বুরো চিফ আসলাম হোসাইন মধু
কুষ্টিযা জেলার কুমারখালী উপজেলায় রুবেল (২২) নামে এক ঘোড়ারগাড়ি চালকের মরদেহ উদ্ধারের পর গত সোমবার রাতে রুবেলের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে কুমারখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি রয়েছে আরো পাঁচজন। থানা পুলিশের ভাষ্যানুযাী, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেন। মামলায় ঘটনার দিন আটককৃত স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেফতার দেখিয়ে ১০ অক্টোবর ‘২৩’ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসায় আসামিরা হত্যায় দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সাথে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত কত্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে মোবাইল ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। গত সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচার পাওয়ার আসায় থানায় মামলা করেছি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আকিবুল ইসলাম জানান, রুবেলের বাবা বাদী হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা করেন, মামলার এজাহারে আটককৃত রুবেলের স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পারিবারিক কলহের জেরে আসামিরা রুবেলকে পিটিয়ে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
রুবেলের পরিবারের সদস্যরা আইনের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।