
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার দেশের অন্যতম শীর্ষ চাউল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি, কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল,
শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রাজশাহীর পুঠিয়া এলাকার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের সঙ্গে চাল ব্যবসায়ী আব্দুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। পাবনার ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলস্ লিঃ নামে আবদুর রশিদের একটি তেলের কারখানা রয়েছে। রশিদের মিল থেকে ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম প্রদান করেন আতিকুর। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে আটকিয়ে রেখে মালামাল ও টাকা কোনটায় দিচ্ছিলেন না আব্দুর রশিদ।
২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রশিদ ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহেদী হাসানকে আসামি করে মামলা দায়ের করা হয়।
সেই মামলায় আদালত সমন জারির পর আব্দুর রশিদ হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, ঋণ খেলাপীর অভিযোগে তার বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, আব্দুর রশিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। আজ সন্ধ্যার একটু আগেই গোপন সংবাদের ভিত্তিতে মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, রাতেই তাকে আদালতে নেওয়া হচ্ছে।