
নিজস্ব প্রতিবেদক | খিলগাঁও
রাজধানীর খিলগাঁও এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। ১, ২, ৩, ৭৪ ও ৭৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই বিশাল এলাকা এখন যেন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সকাল ১০টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা ও কিশোর গ্যাংয়ের অসামাজিক কর্মকাণ্ড। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসনের রহস্যজনক নীরবতা ও উদাসীনতায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা।
ভুক্তভোগী এলাকাবাসীর তথ্যমতে, এলাকার অলিগলিতে বহিরাগত ও অস্থায়ী ভাড়াটিয়াদের উৎপাত এখন নিত্যদিনের ঘটনা। খিলগাঁও থানার পেছনে ঝিলপাড়, কবরস্থান এলাকা, সায়েরুনবাগ, নবীনবাগ, ভূঁইয়ার পাড়াসহ আইসক্রিম ফ্যাক্টরি গলি, মদন গলি, প্রেমগলি, আদর্শ বাগ, রজনীগন্ধা রোড, কৃষ্ণচূড়া রোড, কাঠপট্টি, লেংটার গলি, মেরাদিয়া কবরস্থান রোড, কমিশনার গলি, মধ্যপাড়া, নয়াপাড়া ও গাজা পট্টিসহ পুরো এলাকা এখন অপরাধীদের দখলে। এছাড়া বনশ্রী কেরফা গলি, নন্দীপাড়া, গোরান, নূরবাগ, নবাবী মোড় ও পল্লীমা স্কুল সংলগ্ন এলাকাগুলোতেও সন্ধ্যার পর অপরাধীদের রাজত্ব কায়েম হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “থানার ১০০ গজের ভেতর ও থানার আশপাশের চায়ের দোকানগুলোতে মাদক ব্যবসায়ী ও গ্যাং সদস্যরা আড্ডা দেয়। এমনকি ছোট ছোট রিকশার গ্যারেজগুলোকে তারা মাদকের আখড়া ও দেশীয় অস্ত্র মজুদের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে।”
এলাকাবাসীর অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করছে, যা অভিভাবক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। ৯৯৯-এ ফোন দিলেও পুলিশের সাড়া পেতে দীর্ঘ সময় লাগে। আবার সরাসরি থানায় জানালে পুলিশি সহায়তা পাওয়ার বদলে উল্টো “নিজেদের উদ্যোগে অপরাধীদের ধরে রেখে খবর দিতে” বলা হয়, যা প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের মতে, মাদক এতই সহজলভ্য হয়ে গেছে যে সাত বছরের শিশু থেকে শুরু করে ৩৫ বছর বয়সী যুবক—সবার হাতেই এখন মাদক দৃশ্যমান। নিয়মিত পুলিশ টহল না থাকায় এবং অপরাধীদের সাথে স্থানীয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশ থাকার কারণে পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগী বাসিন্দারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, খিলগাঁও থানাধীন বর্তমান কর্মকর্তাদের পরিবর্তন না করলে অপরাধ নির্মূল করা অসম্ভব। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী প্রজন্ম অন্ধকার ও উশৃংখলতার দিকে ধাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।