
রহিদুল ইসলাম, রাজশাহী:
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কারের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সুজনের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচনী অঙ্গন এবং রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব ও পেশিশক্তিনির্ভর রাজনীতি ক্রমেই বাড়ছে। অনেক সময় দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থেকেও যথেষ্ট অর্থ দিতে না পারায় মনোনয়ন পান না প্রার্থীরা। এটি রাজনৈতিক দলের ভেতরের দুর্নীতির প্রমাণ।
তিনি আরও বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। অতীতে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ থাকার বদলে শাসক দলের পক্ষপাত করেছেন। এর ফলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালের নির্বাচন বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায় রাখতে সংবিধান রচিত হয়েছিল। এর ফলেই প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়েছেন। সেই পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতায় ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন।
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম হয়েছে। এর ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।