
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর গাজীপুর জেলার মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স, গাজীপুরে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে এবং মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ৩:০০ টায় পুলিশ লাইন্স সভাকক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত এবং মেধাবী তরুণ-তরুণীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দিতে গাজীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।