
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর: বৈশ্বিক অস্থিরতার প্রভাবে সারা দেশের ন্যায় গাজীপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার (২৩ মার্চ) কোনাবাড়ি, মৌচাক ও কালিয়াকৈরের হাটুভাঙ্গা পর্যন্ত প্রতিটি ফিলিং স্টেশনে তেলের জন্য হাহাকার ও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তবে এই সংকটের আড়ালে পাম্প মালিকদের রহস্যময় ‘লুকোচুরি’ ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন সাধারণ চালকরা।
সরেজমিনে দেখা যায়, শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকার পাম্পে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকলেও অধিকাংশ পাম্পে ঝুলছে ‘তেল নেই’ সাইনবোর্ড। এতে পুরো অঞ্চলের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। ভুক্তভোগী চালকদের দাবি, পাম্পগুলো সারাদিন বন্ধ থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মাত্র ১-২ ঘণ্টার জন্য গোপন কারসাজিতে তেল দিচ্ছে। দিনের আলো ফুটলেই আবারও তেল বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ চালকরা দিনভর ঘুরেও তেলের দেখা পাচ্ছেন না।
চালকদের বক্তব্যে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পাম্পগুলো থেকে চাহিদামত তেল না দিয়ে মাত্র ১০০ থেকে ৩০০ টাকার তেল দিয়ে গাড়ি বিদায় করে দেওয়া হচ্ছে। অনেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পাম্প মালিকরা এক ধরনের সিন্ডিকেট তৈরি করে তেল মজুত রাখছে কি না, তা খতিয়ে দেখা দরকার। সাধারণ চালকরা অবিলম্বে এই নৈরাজ্য বন্ধে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযানের জোর দাবি জানিয়েছেন।