
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় অনার্স দ্বিতীয় বর্ষের ফরম ফিলআপ করতে কলেজে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তাওহিদ ইসলাম (২২)। তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর এলাকায় বিগত কয়েকদিন ধরে ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে। সংস্কারকাজ ধীরগতিতে চলায় প্রতিদিন এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে ফরম ফিলআপের উদ্দেশ্যে কলেজে যাওয়ার পথে যানজটে আটকে পড়া গাড়িগুলো পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিলেন তাওহিদ। এ সময় সড়কে চলমান ঢালাইয়ের রডে পা আটকে পড়ে গিয়ে তিনি দুই ট্রাকের মাঝে পড়ে যান।
ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাওহিদের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে সড়কের বেহাল অবস্থা ও অনিয়মিত সংস্কারকাজ নিয়ে।