
মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার |
শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, শেরপুরের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, “গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী মাধ্যম। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তিতে এটি অনন্য ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত একটি অনুকরণীয় ব্যবস্থা। এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং কার্যকারিতা বাড়াতে ব্যাপক জনসম্পৃক্ততা অপরিহার্য।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার পরিধি আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।