
নিজস্ব প্রতিবেদক |
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে সাইপ্রাসে যাত্রার প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
বুধবার (০৩ জুন, ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত ফোর্স কমান্ডারকে তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান এবং বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা আরও সুসংহত করার আহ্বান জানান। লে. জেনারেল মিনহাজুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পেশাদারিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীর অর্জিত সুনাম নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (০৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশি সেনা কর্মকর্তাদের মধ্যে মিনহাজুল আলম অষ্টম ব্যক্তি হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।