
এস এম শাকিল আহমেদ
লাল তুমি এসেছিলে যুগ যুগ আগে।
কোন এক ফাগুনে ,কোন এক মাঘে।
শিমুলের রঙ হয়ে করেছিলে খেলা,
গোলাপ শিশিরে কভু ভাসিয়েছো ভেলা।
আজি তবে কেন লাল আসিলে শ্রাবণে?
দেখো, বুলবুল শ্যামা কাঁদে কাননে কাননে।
বাবার কোলেতে খুকু ,চিরনিদ্রায়
নয়নের জলে লাল ,ধুয়ে মুছে যায়।
কেঁদো না বাবা, কেঁদো না তুমি,
কাঁদিতে হবে না আর।
ওই হালাকুর দল স্বৈরাচারী,
পাবেনা এক চুলও ছাড়।
আমি “লাল”
তারুণ্যের মহাকাব্য।
অধিকার চাহিয়া বেয়াদব হই,
আদায়ে অসভ্য।
আমি ,শোষকের জিভে নুনের আকাল,
মারি ,জালিমের বুকে ত্রিশূল।
আমি ,অমাবস্যা রাতে রোদেলা সকাল,
সদা ,থাকি আমি নির্ভুল।
আমি, রনে হুংকারে ঝাঁপিয়া পরিয়া,
ডংকার তালে নাচি।
আমি অত্যাচারীর বুকেতে চড়িয়া,
বিজয়ীর মুখে হাসি।
কেঁদো না বাবা, কেঁদো না তুমি,
কাঁদিতে হবে না আর।
ঐ হালাকুর দল, স্বৈরাচারী,
পাবেনা এক চুলও ছাড়।