
নিজস্ব প্রতিবেদক,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী, সাম্যবাদী ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা। ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ (Kazi Nazrul Islam: The Universal Voice of Freedom and Humanity) শীর্ষক এই আলোচনা সভা রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাজ হলে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি স্বাধীনতা, সাম্য, মানবমর্যাদা, অসাম্প্রদায়িকতা ও বিশ্বমানবতার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বৈষম্য, অন্যায় ও সম্প্রদায়ের বিরুদ্ধে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে।”
মন্ত্রী জানান, নজরুলের চেতনা ও সৃষ্টিকে ছড়িয়ে দিতে সরকার ২০২৬ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা, আবৃত্তি, সংগীত ও রচনার মতো প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হচ্ছে। এই কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শিক্ষা, গণমাধ্যম ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করতে শিক্ষা, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা অবায়েদ ইসলাম বলেন, “নজরুল চিরআধুনিক এবং তাঁর সাম্যবাদী দর্শন একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি হতে পারে।”
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জাতীয় কবির জীবন ও সৃষ্টিকে দেশ-বিদেশে ব্যাপকভাবে তুলে ধরতে এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে প্রাতিষ্ঠানিক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রফেসর ড. মোশাররফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন। আলোচনায় অংশ নেন কবি আব্দুল হাই শিকদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বক্তারা একমত পোষণ করেন যে, নজরুলকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের মূল লক্ষ্য হলো সমাজে স্বাধীনতা, ন্যায় ও সম্প্রীতির মূল্যবোধকে আরও সুদৃঢ় করা।