
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাট ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবু শেখ ও সুজন নামে দুইজনের উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়েছে। বুধবার সন্ধার আগে প্রকাশ্যে শোডাউনের মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালানোর ঘটনা ঘটে।
হামলার সময় সেখানে বানেশ্বর হাইওয়ে পুলিশ উপস্থিত থাকলেও কোনো প্রতিকার করতে পারেনি।
জানা গেছে,আগামী এক মাস পর বানেশ্বর হাট টেন্ডার দেয়া হবে। এই হাট টেন্ডারকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের লক্ষ্যে পুঠিয়া থানার বানেশ্বর বাজারের গরুহাটি, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ছেলে দোয়েলের নেতৃত্বে ৪০-৫০জন যুবক লোহার রড, হকিস্টিক, চাপাতি হাতে নিয়ে আওয়ামীলীগের দলীয় স্লোগান দিয়ে বানেশ্বর বাজারে অবস্থিত মেসার্স ওসমান আলীর সরকারের সারের দোকানের এসে দোকানের শাটারে লাথি ও গালিগালাজ করে ।
সেখান থেকে তারা বানেশ্বর ট্রাফিক মোড় চারঘাট রোডে অবস্থিত বাবু শেখের বাড়িতে ঢুকে তাকে বাবু লাঞ্ছিতসহ বাড়ির চেয়ার, ফুলের টপ ভাঙচুর করে।
এরপরে তারা বানেশ্বর সবজি বাজার উপস্থিত হয়ে সুজন (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করে।
পরে বানেশ্বর বাজার ট্রাফিক মোড়সহ আশপাশের দলীয় স্লোগানসহ শোডাউন দেওয়ার সময় পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা চলে যায়। বর্তমান বানেশ্বর হাটের টেন্ডারকে কেন্দ্র করে হামলার শিকার হতে হচ্ছে প্রতিপক্ষদের। এতে বানেশ্বর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশের সামনেই তারা হামলার ঘটনা ঘটিয়েছে। এক সময় পুলিশ নিয়ন্ত্রন করতে না পেরে থানায় জানালে থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পাঠানো হয়। এরপর তারা চলে যায়। পরে হামলাকারীর অভিভাবকরা এসে ঘটনার জন্য দুখ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।