
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চার্চের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানান এবং দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীও প্রতিনিধি দলকে এবং তাদের মাধ্যমে দেশের সকল খ্রিষ্টান নাগরিককে পবিত্র এই উৎসবের শুভেচ্ছা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিময় আবাসভূমি। প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাৎকারে খ্রিষ্টধর্মীয় নেতারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্প্রদায়ের ঐকান্তিক সমর্থন ও দোয়া অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। তারা বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ভাবনার ভূয়সী প্রশংসা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে প্রোটেস্ট্যান্ট চার্চের বিভিন্ন পর্যায়ের বিশপ এবং শীর্ষস্থানীয় যাজকবৃন্দ উপস্থিত ছিলেন।