
প্রতিবেদন: মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে অবৈধভাবে চলছে আব্দুস সালামের করাত কল। গত ২৪ জুলাই সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের নেতৃত্বে অভিযান চালিয়ে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজ না হওয়া পর্যন্ত স-মিল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মাত্র এক সপ্তাহ পরেই আগস্ট মাস থেকে প্রশাসনের তোয়াক্কা না করেই পুনরায় কাঠ চেরাইয়ের কাজ শুরু করেন তিনি।
অভিযোগ রয়েছে, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা কাঠ চেরাইয়ের কাজে এই স-মিল ব্যবহার করা হচ্ছে। ব্যস্ত রাস্তার পাশে মিলটি থাকায় ধূলোবালি ও প্রচণ্ড শব্দদূষণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীরা। সম্প্রতি সরেজমিনে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মিল মালিক আব্দুস সালাম সটকে পড়েন এবং সাথে সাথে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
এক অডিও বক্তব্যে মিল মালিক আব্দুস সালাম আইন অমান্য করার কথা স্বীকার করে চ্যালেঞ্জের সুরেই বলেন, “আপনারা যা পারেন লিখেন আমার বিরুদ্ধে…”
তবে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জ অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। আগামী ৩-৪ দিনের মধ্যে অভিযান চালিয়ে এই স-মিলটি পুরোপুরি সিজ (জব্দ) করা হবে।”