
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু। ইউরোপের মধ্যে ফ্রান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য উল্লেখ করে তিনি জানান, ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে দুই দেশের এ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল ও সুদৃঢ় হবে।
বিগত সরকারের শাসনব্যবস্থা নিয়ে মন্তব্য করে স্পীকার বলেন, “বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তবে এদেশের জনগণ সবসময়ই গণতন্ত্রপ্রিয় এবং তারা কখনোই স্বৈরাচারী শাসনের কাছে নতি স্বীকার করেনি।” এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর অসামান্য ভূমিকার কথা স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পীকার।
বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দল সংসদীয় কমিটি গঠন এবং ‘মৈত্রী গ্রুপ’-এর মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে। একই সাথে বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস কূপ অনুসন্ধান ও খননকাজে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎ শেষে ফরাসি সিনেটের পক্ষ থেকে প্রতিনিধি দলটি স্পীকারসহ বাংলাদেশের সংসদীয় দলকেও ফ্রান্স সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দলের সদস্যগণ, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।