
নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর |
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের নিচের চিত্রটা বড্ড করুণ। এই ব্যস্ততম স্থাপনার নিচে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপের মাঝেই গত কয়েক বছর ধরে বাস করছেন এক রহস্যময় বৃদ্ধ। অগোছালো বড় বড় চুল, মাথায় একটি পুরনো ক্যাপ এবং পরনের জীর্ণ পোশাকে তাকে দেখলে মনে হয় তিনি কোনো এক অজানা জগতের বাসিন্দা। তার পরিচয় নেই, নেই কোনো ঠিকানা—সবচেয়ে বড় কথা, তিনি কথা বলতে পারেন না।
ফ্লাইওভারের নিচে চারপাশ ঘিরে পড়ে আছে ময়লা-আবর্জনা। সেই আবর্জনার ভেতরেই কোনোমতে পড়ে থাকেন ওই বৃদ্ধ। মাঝেমধ্যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এসে তার চারপাশের আবর্জনা পরিষ্কার করে দিয়ে যান ঠিকই, কিন্তু মানুষটির শারীরিক অবস্থা বা স্থায়ী পুনর্বাসনের বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তার শরীর থেকে নির্গত দুর্গন্ধে পথচারীরা অস্বস্তিতে পড়লেও, তিনি যেন এক নির্বাক নিথর অস্তিত্ব নিয়ে বেঁচে আছেন।
তার আচরণ বেশ রহস্যময়। দিনের অধিকাংশ সময় তিনি শুয়েই কাটান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাকে ডাকার চেষ্টা করলে বা বিরক্ত করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং প্রচণ্ড চেঁচামেচি শুরু করেন। এ কারণে স্থানীয়রা তাকে আর ডাকেন না। একজন গণমাধ্যম কর্মী হিসেবে সরেজমিনে তার কাছে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এক ব্যবসায়ী সতর্ক করে দিয়ে বলেন, “ভাই, উনাকে ডাক দেবেন না। ডাক দিলে উনি প্রচণ্ড চেঁচামেচি করেন।”
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মাঝেমধ্যে তিনি কোনো জায়গা থেকে খাতা ও কলম সংগ্রহ করে এনে গভীর মনোযোগ দিয়ে কী যেন লিখেন। খাতার পাতায় ঝাপসা ইংরেজি হরফের মতো কিছু একটা দেখা যায়। কিন্তু তিনি কী লিখেন বা তার এই লেখার অর্থ কী—তা বোঝার সাধ্য কারো নেই। এমনকি তিনি যা লিখেন, তা কোথাও জমা থাকে না; কিছুক্ষণ পর খাতাটি ফেলে দিয়ে তিনি আবারো নিজের মতো করে শুয়ে থাকেন। আশেপাশে বহু মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু কেউই তার কোনো পরিচয় বা ঠিকানা বলতে পারেননি।
একজন মানুষ বছরের পর বছর এভাবে খোলা আকাশের নিচে, ময়লার স্তূপের পাশে পড়ে থাকবেন—এটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। তিনি কি সুস্থ নাকি মানসিক ভারসাম্যহীন, তার অতীত পরিচয় কী—এসবের উত্তর আজও অজানা।
স্থানীয় প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের প্রতি আমাদের বিনীত আবেদন, এই বৃদ্ধের পরিচয় উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। তাকে একটি নিরাপদ আশ্রয়ে বা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো প্রয়োজন। যদি তিনি সত্যিই কোনো কারণে এমন বিপর্যস্ত হয়ে থাকেন, তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে হয়তো তিনি ফিরে পেতে পারেন তার জীবনের স্বাভাবিক ছন্দ।