
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতে জাহানারা বেগম নামে এক নারীর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজির পেছনে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন” সূত্র ধরেই পুলিশ চক্রটির সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ দুপুর প্রায় ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমারশীল মোড় থেকে আশুগঞ্জের নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন জাহানারা বেগম। পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করে। বাধা দিলে সিএনজির ভেতরেই তাকে ছুরিকাঘাত করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়েদুর রহমান খান ইমন বাদী হয়ে ১৮ মে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজির পেছনে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন” শনাক্ত হয়। এই সূত্র ধরে ১৮ মে দুপুর ১টা ৩০ মিনিটে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজ থেকে সিএনজিটি জব্দ এবং চালক মো. বাদশাহকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর পৈরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শরীফ উদ্দিন নামে আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে পুলিশ।
একই রাতে শরীফ উদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে সুলতানপুর এলাকা থেকে রিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নিহত জাহানারা বেগমের ব্যবহৃত পোশাক ও জুতা উদ্ধার করা হয়। পরে আরও অভিযান চালিয়ে নিহতের অন্যান্য কাপড়চোপড় এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয়ের রক্তমাখা জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে জাহানারা বেগমকে টার্গেট করে। ছিনতাইয়ে বাধা ও চিৎকার করায় তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়।
তদন্তে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। রিমা আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা, বাদশাহর বিরুদ্ধে মাদক মামলা, শরীফ উদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকসহ সাতটি মামলা এবং জোবায়ের হোসেন হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও মানবপাচারসহ সাতটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের ১৯ মে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে শরীফ উদ্দিন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে, এ ধরনের সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে সিএনজি, অটোরিকশা ও চালকদের তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জেলা ও উপজেলা পর্যায়ে চলাচলকারী যানবাহন ও চালকদের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে পুলিশ প্রশাসন।