
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
চতুর্থ দফায় ৪৮ ঘন্টা ডাকা বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে রোববার রাজশাহীতে ঝটিকা মিছিল করে হাত বোমার বিস্ফোরণ ঘটনানো হয়েছে। অবরোধের সমর্থনে সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী মহানগরের সিটিহাট এলাকা ঝটিকা মিছিল, হাত বোমার বিস্ফোরণ ও পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল হতে জড়িত থাকায় পুলিশ ছয়জনকে আটক করে।
পুলিশের তথ্যমতে, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী, তবে প্রাথমিকভাবে তাদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা।
আটক ব্যক্তিরা হলেন,রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, মহানগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, নগরের বখতিয়ারাবাদ এলাকার আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরের মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সেখানে হাত বোমার বিস্ফোরণও ঘটিয়েছেন তারা। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। একটি বিস্ফোরিত হাত বোমার খোসাও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। এলাকায় অভিযান চলছে।