
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
পৃথিবীর ইতিহাসে ডামি নির্বাচন কোনদিন হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, এই নির্বাচন দেশবাসী যেমন মানে না তেমনি বিশ্ববাসীও মানে না। প্রহসনের এই নির্বাচন বন্ধ করা এখন সমসয়ের দাবি।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সফল করা লক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
মিনু আরো বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। যে কোন সময়ে সরকার পতন হবে। কারণ এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন মাটি নেই। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। বিএনপি ও সমমনা দলগুলোর সকল নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবে না। সেইসাথে এই বাকশালী সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না।
তিনি বলেন, ডামি নির্বাচন করতে গিয়ে এই সরকার দেশব্যািপ বিশৃংখলার সৃষ্টি করেছে। বাস, ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর উপরে দোষ চাপাচ্ছে। শুধু তাই নয়, ২৮ তারিখের পর থেকে দেশব্যািপ প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে আটক করেছে রাতের অধারের সরকার। তিনি বলেন, রাজশাহীতে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে এই সরকারের আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনী ও আদালত। এছাড়াও প্রতিদিন নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে বলে উল্লেখ করে আটককৃতদের নি:শর্ত মুক্তি ও সকল প্রকার আটক ও নির্যাতন বন্ধ এবং ডামি নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি’র আয়োজনে মালোপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় সাংগঠনিক সকল ওয়ার্ডে লিফলেট বিতরণ করার জন্য নেতৃবৃন্দের হাতে লিফলেট তুলে দেন মিজানুর রহমান মিনু। একই সাথে তিনি সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাহেব বাজার সোনারু পট্টি থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে নগরীর বিভিন্ন মার্কেটের দোকানদার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ জার্সিস কাদির, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও প্রফেসর আকতার হোসেন।
আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের, বর্তমান যুগ্ম আহ্বায়ক নাজির, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর জাসাস এর সভাপতি এডভোকেট রজব আলী,সাধারণ সম্পাদক সেলিমসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।