
”
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলা মাদক এবং চোরাচালানের অন্যতম প্রধান ট্রানজিট পমেন্ট হিসাবে পরিচিত। যেখানে ত্রিপুরা রাজ্য থেকে গাঁজা, মদ, ফেন্সিডিল, স্কফ, ইয়াবাসহ কাপড়, থ্রি-পীস, ঔষধ, মোবাইল ও ডিসপ্লে, কসমেটিক্সের পাশাপাশি বিভিন্ন নিষিদ্ধ পণ্য সামগ্রী দেদারসে পাচার হয়ে আসছে। আর সীমান্তে এসব অপকর্ম করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সম্প্রতি দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততঃ ১০জন। এ ঘটনায় সীমান্তঘেঁষা গ্রামগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও আতঙ্ক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মোরসালিন ও নবীর হোসেনের কবর জিয়ারত
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
এসময় নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে। এসময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে পাটোয়ারী বলেন, বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে, এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী লাল চুড়ি এবং পররাষ্ট্রমন্ত্রীকে সবুজ চুড়ি পরে বসে থাকারও মন্তব্য করেন তিনি। খোঁজ নিয়ে জানাগেছে, গত দুই বছরের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর এ তিন উপজেলায় বিএসএফের গুলিতে অন্ততঃ ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। বিএসএফের ছোড়া গুলি ও নির্যাতনে আহত হয়েছেন অন্ততঃ ২০জন। সীমান্ত এলাকার ঘুরে অনুসন্ধান জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্ত এলাকাগুলোতে সন্ধ্যা নামতেই তৎপর হয়ে ওঠে সীমান্ত অপরাধী চক্রগুলো। সুযোগ বুঝে সীমান্তের মাদক চোরাকারবারির ‘লাইনম্যান’ মুঠোফোনে সংকেত দেন—‘লাইন ক্লিয়ার’। এরপর সীমান্তের দিকে এগোতে থাকেন ‘লেবাররা বা কারবারিরা’। কাঁটাতারের বেড়া কেটে, খাল কিংবা সীমান্তের কালভার্টের ভেতরে হামাগুড়ি দিয়ে সীমান্তের শূন্যরেখা পার হয়ে ভারতে প্রবেশ করে অপেক্ষা করতে থাকে চোরাকারবারিরা। ওপারে ভারতীয় পাচারকারীরা সংকেত দিলেই হুমড়ি খেয়ে পড়ে তারা। দ্রুত মালামাল সংগ্রহ করে ফিরে আসেন লেবাররা। গত শুক্রবার (৮মে) রাতে এমনিই ভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত দিয়ে মাদকসহ অবৈধ চোরাচালানি পণ্য আনতে ভারতে প্রবেশ করে অন্ততঃ ১৫জন বাংলাদেশি চোরাকারবারি। ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের-৪৯ ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হন তারা। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজিবি ও চক্রের সদস্যরা জানায়, ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি ছুঁড়ে। এ সময় মোরসালিন ও নবীর হোসেন নামে দুই লেবার গুরুতর আহত হয়। পরে বিএসএফ আহত দুইজনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এসময় বাকিরা প্রাণে ফিরে আসলেও কমবেশি আহত হন সবাই। আহতরা পুলিশের ভয়ে গাঢাকা দিয়ে চিকিৎসা নিচ্ছেন অজানাস্থানে। নিহত মোরছালিনের প্রতিবেশী সাইফুল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন, বড় চোরাকারবারিরা তরুণদের বিপদের মুখে ঠেলে দেয়, পরে তাদের জীবনই ঝরে যায়। একই ঘটনায় গুলিবিদ্ধ ধ্বজনগর গ্রামের মুক্তার হোসেন, পাথরিয়াদ্বার গ্রামের জুবায়ের হোসেন বাবু এবং মানিক্যমুড়ি গ্রামের বাহার উদ্দিন কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তাদের স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। বিএসএফের গুলিতে নিহত নবীর হোসেনের মা জাহেরা বেগম পুত্রশোকে ভেঙে পড়েছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বারবার বুক চাপড়ে তিনি ছেলের আগে কেন নিজের মৃত্যু হলো না— সেই আহাজারি করছিলেন। অন্যদিকে কলেজছাত্র মোরছালিনের বাবা হেবজু মিয়া বাড়ির পাশে ছেলের কবরে গিয়ে শোকে কাতর ছিলেন। বারবার কবরের দিকে তাকিয়ে আহাজারি করছিলেন — কেন তার সন্তানের লাশ কাঁধে নিতে হলো? তিনি বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। খোঁজ নিয়ে জানাগেছে, ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়ায় এটি মাদক ও চোরাকারবারি সিন্ডিকেটগুলোর নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা দেশের তরুণ সমাজ ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। জানাগেছে, ত্রিপুরা রাজ্যঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনে ৭৯ কিলোমিটার সীমান্ত এবং সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ৫৭কিলোমিটার সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার ১৩৬কিলোমিটার বিস্তীর্ণ সীমান্তজুড়ে বিজিবি ও পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার এবং নজরদারি থাকা সত্বেও কোনভাবেই থামছে না চোরাচালান চক্রের তৎপরতা। স্থানীয়রা বলছে, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর এ তিনটি উপজেলার অরক্ষিত ও দীর্ঘ সীমান্তপথ ব্যবহার করে একের পর এক কৌশলে দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য। যা হাত বাড়ালেই পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান, গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও সীমান্তভিত্তিক শক্তিশালী সিন্ডিকেটগুলো এখনও সক্রিয় রয়েছে স্থানীয় লেবার বা কারবারিদের সহায়তায়। স্থানীয় সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি মুখোশধারী অসাধু চক্রের সহায়তায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন কারবারিরা। সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের অভাব ও নদীপথ থাকায় চোরাকারবারিরা সহজেই এসব রুট ব্যবহার করছে। ত্রিপুরা রাজ্যের উৎপাদিত মদ, গাঁজা, ফেন্সিডিল, স্কফ ও ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানের পণ্য সরাসরি আখাউড়া, কসবা ও বিজয়নগরের অন্ততঃ ৩০০ সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে প্রবেশ করেছে। আর এসব অপকর্মে জড়িত আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তের ফেন্সি কালো, ইদন, সোহাগ, জনি, বাউতলা সীমান্তে বাউতলা পচ্চিমপাড়ার আলামিন খন্দকার, শফিকুল ইসলাম শুভা, ইয়ার মোহাম্মদ, রবিউল ইসলাম রবি, হারুন, সাত্তার এবং জয়নগর ও ছয়ঘরিয়া সীমান্তে পিয়ারুন ও ইদন (হুন্ডি), রতন, শামীম, বশির, মৃণাল উপজেলার রাজেন্দ্রপুর টানপাত্র এলাকার সেলিম তার ভাই ফারুক, উমেদপুরের সুমন মনিয়ন্দ কর্নেলবাজার সীমান্তের লাক্সু, খুলিল, খারকোটের হাসান, বাশার, সজিব, হীরাপুর সীমান্তের হেবজুর ছেলে আলামিন, ধলেশ্বর গ্রামে কিবরিয়া, আজমপুর সীমান্তের মিন্টু চৌধুরী, সেলিম ভূঁইয়া, রমজান ভূঁইয়া। কসবা উপজেলা সীমান্তবর্তী গোপীনাথপুর, কাইয়্যুমপুর ও বায়েক ইউনিয়নের চিহ্নিত মাদক চোরাকারবারিরা হলেন – জেটুয়ামোড়ার নাইম, সিরাজ, জালাল, খিরনাল গ্রামের জমির, নোয়াগাঁওয়ের মালু, মানিক্যুমুড়ি এলাকার জামাই সুহেল ও বাহার, সীমান্তঘেঁষা ধজনগর গ্রামের সোর্স স্বপন, তোফাজ্জল, রিয়াজুল মুক্তো, মোশাররফ, হানিফ, নাজিব, হাসান, রাসেল, আনোয়ার পারভেজ, ইকবাল, তৌহিদ, বুইট্টডা ও হরিয়াবহ গ্রানের মনির, কাউছার মিয়া শীর্ষ মাদক চোরাকারবারি। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর এবং সিঙ্গারবিল—এই তিনটি সীমান্তঘেঁষা ইউনিয়নকে মাদকের সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্ট বা ‘নিরাপদ রুট’ হিসাবে ব্যবহার করে মাদকের ‘গডফাদাররা। এ সীমান্তের মাদকের গডফাদার হলেন জুয়ারি মানিক, মতু মিয়া ওরফে মিস্টু, রহমান ওরফে কালু,
ফরিদা বেগম ওরফে মদিনা, নিলুফা, ফজলুর রহমান ওরফে বজলু, জয়, রুমেল রুনু, শাহ পরাণ, জুনায়েদ,সজল, বাছেদ, সানি ভূঁইয়া ও তার ভাই রবিন ভূঁইয়া, ফরহাদ মেম্বার, ইছহাক মেম্বার, হোসেন মেম্বার, শাহীন উল্লখযোগ্য। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ জানান, মাদক চোরাকারবারি প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফের বক্তব্যে উঠে এসেছে মাদক বিক্রি নিয়ে ভয়ংকর তথ্য। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার শুধু সিঙ্গারবিল ইউনিয়নের একটি অংশে ৬১টি মাদকস্পট পাওয়া গেছে। যেখানে হাত বাড়ালেই মদ, গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবার মতো মাদক পাওয়া যায়। তিনি বলেন, বিজয়নগরের ভয়াবহ অবস্থা, কি অবস্থা তা কল্পনাও করতে পারা যায় না। তবে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার গ্রাম এবং পাড়া-মহল্লাভিত্তিক মাদক ব্যবসায়ী অপরাধীদের তালিকা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ওই তিন উপজেলার সীনান্তগুলোতে সন্ধ্যার পর থেকেই কারবারিদের সজাগ থাকতে হয়। রাতের যেকোনো সময় ‘লাইন ক্লিয়ারের’ সংকেত আসে। অনেক সময় সংকেত আসতে ভোর হয়ে যায়। সংকেত পেলেই ছোটেন সীমান্তে। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকে টর্চলাইট, দা, বল্লম। ভারতীয় চোরাকারবারিদের দেওয়া মাদকদ্রব্য কিংবা নিষিদ্ধ পণ্য সামগ্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৎ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে সড়কপথে নতুবা ট্রেন যোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছান। আর সীমান্ত পার করে দিলেই প্রতি লেবার ৫০০ থেকে ১০০০ হাজার পর্যন্ত টাকা পায়। প্রতিরাতে একাধিক মাদক চোরাকারবারিদের কাজ করে দিতে পারতে একেকজন লেবার ৩হাজার থেকে ৫হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। সেই লোভে সীমান্তবর্তী এলাকার কিশোর থেকে বয়স্ক বেশির ভাগই সীমাম্ত অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত। তবে সীমান্ত দিয়ে যত মাদক বা চোরাচালানি পণ্য আসে, তার খুব কমই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। বিজিবি কর্তৃপক্ষের তথ্যনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের গত ১০মে পর্যন্ত ৮৮কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৪৬০
টাকা মূল্যের নিষিদ্ধ পণ্যসহ মাদকদ্রব্য জব্দ করেন। ৬০ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালানি বন্ধে বিজিবি জওয়ানরা সতর্কাবস্থায় রয়েছে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের গত ১০মে পর্যন্ত তেত্রিশ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৩০৯ টাকা মূল্যের নিষিদ্ধ পণ্যসহ মাদকদ্রব্য জব্দ করেন। সরাইল ব্যাটালিয়ন-২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাব্বার আহমেদ সাংবাদিকদের জানান, তার অধীনে থাকা ৫৭ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালানিসহ অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি জওয়ান মোতায়েন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ত্রিপুরা রাজ্যে সংলগ্ন হবিগঞ্জ ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়েও বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করছে। এই শক্তিশালী একাধিক সীমাম্ত অপরাধ চক্র বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে যেমন হুমকির মুখে ফেলছে, তেমনি দেশের ভাবমূর্তিও ক্ষুণ করছে। সচেতনমহল বলছে, শুধু আইন প্রয়োগ নয়, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকায় সামাজিক সচেতনতা বাড়ানো এবং স্থানীয় যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত না করা পর্যন্ত এ মরণঘাতী মাদকের বিস্তার নিয়ন্ত্রণ কিংবা চোরাচালান বন্ধ করা কঠিন হবে।