
হেলাল চৌধুরী, বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপ গাড়ি তল্লাশি করে এর পেছনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি—মনির হোসেন (৩৯) ও রিয়াদুল ইসলাম (৩০)—কে আটক করা হয় এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ইয়াবাগুলো গাড়ির বাম্পারের ভেতরে গোপনে রাখা হয়েছিল।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।