
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে লতিফপুর এলাকার ‘জমজম বেকারী’তে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তার আগেই পুড়ে গেছে ২০ লক্ষ টাকার মালামাল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হুট করেই বেকারিটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ।