
নিজস্ব প্রতিবেদক,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের পাঁচটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জেলার ওই উপজেলাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিজিবি মোতায়েনের এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা শেষে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সীমান্তবর্তী উপজেলাগুলোতে কর্মসূচি থাকা এবং কিছু কর্মসূচি সন্ধ্যার পর অনুষ্ঠিত হওয়ার কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে এই বিজিবি মোতায়েন করা হয়।
পুলিশ ও প্রশাসন জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), এপিবিএন এবং বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করছে।