
নিজস্ব প্রতিবেদক
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে ‘ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতিতে তিরস্কার’—এই নীতি কঠোরভাবে বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পুলিশের পেশাদারিত্বের প্রশংসা
সম্প্রতি রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার দ্রুত রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদার ভূমিকা পালন করেছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে কোনো সদস্যের নিষ্ক্রিয়তা বা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
রামিসা হত্যা মামলা: বিচারিক ইতিহাসে মাইলফলক
রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ও পুলিশের তদন্ত ইতিহাসের একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে। ঈদের ছুটি বাতিল করে বিজ্ঞ বিচারক ও সংশ্লিষ্ট আদালত যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।”
মামলাটির রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া মেনে কিছুটা এগিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও তিনি জানান।
অন্যান্য সাফল্য
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গোয়ালন্দ (দৌলতদিয়া) ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচক্ষণতায় অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।