
সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে যান।
আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইযুব মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আবদুর রহিম দুই যাত্রীকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির বাসিন্দা আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করে পালানোর প্রস্তুতি নেন তাঁরা।
স্থানীয় কৃষক রফিক জমিতে যাওয়ার পথে সিএনজিটি দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় চালক আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় তিনি গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান। পরে গরুর মাংস ও সিএনজিটি জব্দ করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, আবদুর রহিমের ভাষ্য অনুযায়ী, শান্তিরহাট এলাকার লেদু ও সোহেল নামের দুই ব্যক্তি শ্রীমাই যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করেন। সেখানে পৌঁছে তাঁরা চালককে বিদায় করে দেন। পরে ফজরের নামাজের কিছুক্ষণ আগে সিএনজিটি দক্ষিণ শ্রীমাই এলাকায় আসে। চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
গরুর মালিক আইযুব মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি অন্য একজনের কাছ থেকে গরুটি বর্গা নিয়ে লালন-পালন করছিলেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন জানান, পাহাড়ঘেরা এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্যাপশন: পটিয়ায় গরু চুরির ঘটনায় আটক সিএনজিচালক আবদুর রহিম। অন্যদিকে, গরু হারিয়ে আহাজারি করছেন মালিক আইযুব মিয়া।
সায়েম মাহমুদ,
০১৮১৫৬৯৮৪৫২,
পটিয়া, চট্টগ্রাম।