
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার এলাকা থেকে লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো. রসুল গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে খুশি আক্তার (২৪) তাঁর স্বামী সুমন সরদারকে সঙ্গে নিয়ে লবণচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে রসুল গাজীসহ মামলার অন্য আসামিরা মোটরসাইকেলে এসে সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে। এ সময় খুশি আক্তার বাধা দিলে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে গুরুতর আহত করে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত খুশি আক্তারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার রসুল গাজী খুলনার রূপসা থানাধীন বাগমারা হাজী বাড়ি এলাকার মো. আজাহার গাজীর ছেলে।
র্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।