
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, শিক্ষা সপ্তাহ কমন শিক্ষার্থীদের সুকুমার প্রতিভা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য ফলপ্রসূ অভিজ্ঞতা।
আজ (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার রাজশাহী কলেজিয়েট স্কুলে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের কার্যালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। জেলা পর্যায়ের প্রতিযোগীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য এবং মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। তিনি অভিভাবক ও শিক্ষকদেরও তাদেরকে উৎসাহিত করার আহ্বান জানান।
কিশোর-কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি নতুন প্রজন্মের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে। তা আবদ্ধ না রেখে প্রকাশের চেষ্টা করতে হবে। আমরা চাই, সবার প্রতিভা অন্বেষণ করে তাদেরকে পুরস্কৃত করা হোক।”
অতিথিরা প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতাকে গুরুত্ব দেন। বিভিন্ন জেলা থেকে শিক্ষক ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এবং বিচার-বিশ্লেষণের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। জেলা পর্যায়ে জয়ী প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান, উপপরিচালক মোহা. আবদুর রশিদ, সহকারী পরিচালক মোহা. সাদিকুল ইসলাম ও রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা এবং অভিভাবক উপস্থিত ছিলেন।